দক্ষিণ আমেরিকার দেশ চিলির একটি বিমানবন্দরে ভয়াবহ ডাকাতি-চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডাকাত এবং অন্যজন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা। মূলত ডাকাতরা বিমানবন্দরে হানা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার লুট করার চেষ্টা করে এবং এরই একপর্যায়ে গোলাগুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দক্ষিণ আমেরিকার এই দেশটির রাজধানী সান্তিয়াগোর আর্তুরো মেরিনো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই অপ্রীতিকর ডাকাতি প্রচেষ্টার ঘটনাটি ঘটে।
ঘটনার সময় বিমানবন্দরের কর্মীরা একটি বিমান থেকে নগদ ৩২.৫ মিলিয়ন বা সোয়া তিন কোটি মার্কিন ডলার অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছিলেন এবং একপর্যায়ে সেগুলো লুট করার জন্য ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সেখানে হামলা চালায়। বিমানবন্দরে ডাকাতি প্রচেষ্টার ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছেন প্রসিকিউটর এডুয়ার্ডো বেজা।
তিনি বলছেন, ‘যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে মূল্যবান পণ্যসম্ভার বোঝাই একটি এলএটিএএম (খঅঞঅগ) এসে পৌঁছানোর পর ব্রিংকস [নিরাপত্তা] কোম্পানির মাধ্যমে সেগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল। এসময় ডাকাতরা সেখানে হামলা করে এবং নিরাপত্তা কর্মকর্তারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।’
সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে সংগঠিত অপরাধ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি অতীতেও দক্ষিণ আমেরিকার এই দেশটির বিমানবন্দরকে হামলার লক্ষ্যবস্তুও করা হয়েছে। ২০১৭ সালে দেশটির এক সশস্ত্র গোষ্ঠী প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছিল এবং তিন বছর পরে একই রকম একটি ডাকাতির ঘটনায় সাঁজোয়া ট্রাক থেকে ১৫ মিলিয়ন ডলার লুটের ঘটনা ঘটে।
সূএ: আল-জাজিরা।