ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘স্পষ্টত যুদ্ধারপাধ’ হিসেবে উল্লেখ করেন তিনি। খবর বিবিসি।
নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা বেলোভার বিরুদ্ধে গতকাল শুক্রবার এ পরোয়ানা জারি করে।
পুতিন ও বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।
তবে মস্কো অভিযোগ অস্বীকার ও গ্রেফতারি পরোয়ানাকে ‘আপত্তিকর’ বলে নিন্দা করেছে।
বাইডেন গতকাল সাংবাদিকদের বলেন, পুতিন স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছেন। হেগের এ আদালত যুক্তরাষ্ট্রে কোনো প্রভাব না রাখলেও পরোয়ানা জারি করা ‘খুবই শক্তিশালী’ বিষয়।
এর আগে বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ইউক্রেনে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে। ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, জড়িতদের বিচার হবে।
জাতিসংঘও গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। যেখানে বলা হয়, নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে ইউক্রেনের শিশুদের জোরপূর্বক নির্বাসনের মাধ্যমে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া।
কোনো দেশের সরকারের সহযোগিতা ছাড়া সন্দেহভাজনদের গ্রেফতারের ক্ষমতা নেই আইসিসির। রাশিয়া সদস্য দেশ না হওয়ায় সেখানে এই আদালতের কোনো কর্তৃত্ব নেই। তবে এই পরোয়ানার কারণে ১২৩টি সদস্য রাষ্ট্রের যেকোনো একটিতে পা রাখলে তাকে গ্রেফতার করা হতে পারে।
পুতিন হলেন তৃতীয় প্রেসিডেন্ট যার বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।