ফ্রান্সের মার্সেই নগরীতে এক বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ায় আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। যে ভবন দুটি ধসে পড়েছে সেগুলোর কাঠামোতেও ধরনের সমস্যা ছিল না। ধ্বংসস্তূপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়েছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এদিকে তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে।ভবনটির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। বিস্ফোরণের ওই এলাকায় আরও প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।