শাহজালাল বিমানবন্দরের গুদামে চুরি, গ্রেফতার ২ আসামি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউস (গুদাম) থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধ উপায়ে বের করেছে একটি চক্র। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে বিমান। এর অংশ হিসেবে বিভিন্ন এয়ারলাইন্স ও যাত্রীদের লাগেজসহ নানা সেবা দেওয়ার পাশাপাশি আমদানি-রপ্তানিতেও সেবা দেয় বিমান। আমদানির ক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে আসা পণ্য কার্গো ভিলেজের গুদামে জমা রাখা হয়। সেখান থেকে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের মাধ্যমে শুল্ক দিয়ে পণ্য খালাস করেন আমদানিকারক। গুদামে পণ্য রাখার জন্য নির্দিষ্ট হারে ভাড়া পায় বিমান।

এর মধ্যে গত ৪ এপ্রিল টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ৬০ কেজি ওজনের একটি পেপার ক্যারেট (কাগজে মোড়ানো বাক্স) বিমানবন্দরে পৌঁছায়। ক্যারেটটির ভেতরে পাম্পের যন্ত্রাংশ ছিল। এটি আমদানি করেছিল এফএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ক্যারেটটি প্রধান ওয়্যার হাউস-১ এ রাখা হয়। ৩০ এপ্রিল বিমানের নিরাপত্তাকর্মী লক্ষ করেন, ক্যারেটটি খোলা ও মালামাল নেই। পরে ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিমানবন্দরে কর্মরত কাস্টম সরকার (সিঅ্যান্ডএফ এজেন্টের নিয়োগ দেওয়া কর্মী) ছামরুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

পরে গত ২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা (কার্গো আমদানি) মো. জামাল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এতে ছামরুলসহ চারজন কাস্টম সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়। ছামরুল ও আরেক কাস্টম সরকার মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই আসামি রানা ও রিন্টু পলাতক।

 

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামরুল অবৈধ উপায়ে পণ্য সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি মামলার এজাহারে পুলিশ যুক্ত করেছে বলে জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.