ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে ২ সৈন্যসহ নিহত ৩

ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন সেনা সদস্য। গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ফ্রান্সের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেছেন, দক্ষিণ ফ্রান্সের ভার বিভাগের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফৌজদারি এবং ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, নিহত তিনজনের মধ্যে দুইজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, বিমান দুর্ঘটনার পর তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছিল। মূলত দুর্ঘটনার জেরে আশপাশের গাছপালাগুলোতে আগুন লেগে যায় এবং পরে সেটি দ্রুত নিভিয়ে ফেলা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.