হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার ও ২টি চুড়িসহ মজিবর রহমান নামে এক প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সৌদি আরবের দাম্মাম থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে সৌদি প্রবাসী মজিবর রহমান ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হল ত্যাগ করার পর তার গতিরোধ করে এপিবিএন। পরে তাকে এপিবিএন অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। জিয়াউল হক আরো জানান, মজিবর তার মোজার ভেতর থেকে ৪টি স্বর্ণের বার বের করে দেন। এগুলোর ওজন ৪৬৪ গ্রাম।
এছাড়া তার লাগেজের ভেতর থেকে আরো ৫৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের চুড়ি বের করে দেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটককৃত মজিবরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।