গাজায় বিমান-নৌ-স্থল হামলার প্রস্তুতি ইসরাইলের

ফিলিস্তিনের গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা। সীমান্ত বেড়ার কাছে জড়ো হয়েছে শত শত ইসরায়েলি ট্যাংক।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের নবম দিনে এসে দুই পক্ষে নিহত সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। গাজায় শনিবার একদিনেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে তিন শতাধিক মানুষ, যাদের বেশির ভাগই নারী-শিশু। খবর বিবিসি ও আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাতের ‘পরবর্তী পর্যায়’ আসছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম এরই মধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন। অভিযানটি যে ব্যাপক হবে, তা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে অভিযানটি দীর্ঘমেয়াদিও হতে পারে।

গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে নির্দেশ দেয়। এই এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থল অভিযানের হুমকির মুখে গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালাচ্ছেন বাসিন্দারা।

গাজা সীমান্তে শত শত ইসরায়েলি ট্যাংক : স্থল অভিযানের অংশ হিসেবে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে কয়েক লাখ ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিমানবাহিনী। এরই মধ্যে গাজা সীমান্তজুড়ে ট্যাংকসহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি বাহিনীতে যুক্ত করা হয়েছে তিন লাখ সংরক্ষিত সেনা।

গাজায় নিহত ছাড়িয়েছে ২৩০০ : ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২ হাজার ৩২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আনুমানিক ৯ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একদিনেই গাজায় ইসরায়েলি হামলায় ৩০০ জন নিহত হয়েছে।

নিহতদের বেশিরভাগ শিশু ও নারী। এছাড়া একদিনে আরো ৮০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। আর ইসরায়েল থেকে ১২৬ জনকে ধরে এনে গাজায় জিম্মি করেছেন হামাস যোদ্ধারা।

লেবানন সীমান্তে সংঘাত : লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি নিহত ও দুজন আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলা চালানোর পর দেশটির সীমান্তবর্তী ৪ কিলোমিটার এলাকায় লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হামাস বলেছে, তাদের তিন যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকেছিলেন এবং পরে তারা নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় পানির জন্য হাহাকার : জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, অবরুদ্ধ গাজাবাসীর জন্য পানি ‘জীবন-মরণের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজা উপত্যকার মানুষ এই বিপাকে পড়েছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ) গত শনিবার বলেছে, পানি শেষ হয়ে গেছে। এতে ২০ লাখের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছেন।

ইউএনআরডব্লিউএ কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, গাজায় পানি জীবন-মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০ লাখ মানুষের জন্য পানির ব্যবস্থা করতে এখনই গাজায় জ্বালানি সরবরাহ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বিশুদ্ধ পানি ফুরিয়ে যাচ্ছে। কারণ বিদ্যুতের অভাবে ওয়াটার প্ল্যান্ট ও পাবলিক ওয়াটার নেটওয়ার্ক বন্ধ। ইসরায়েল বুধবার থেকে গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। যে কারণে পানি সরবরাহ করা যাচ্ছে না। বিশুদ্ধ পানির অভাবে ফিলিস্তিনিরা এখন কূপের নোংরা পানি ব্যবহার করছে। এতে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। যা গাজা অধিবাসীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.