গাজার ভূগর্ভস্থ ১৫০ স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

ইসরাইলি বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ ১৫০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আজ শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপির।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, বিমান হামলা চালানো স্থানগুলোর মধ্যে ‘সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করা বিভিন্ন সুড়ঙ্গ পথ, ভূগর্ভস্থ যুদ্ধের স্থান এবং ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে। এসব হামলায় আরও অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছে।’

গাজা উপত্যকা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সাংবাদিকরা শনিবার গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকার কথা জানান।

পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের এক অভিযানে হামাসের আকাশপথে অভিযান পরিচালনা শাখার প্রধান আসেম আবু রাকাবা নিহত হয়েছেন। ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই হামলা তাদের মধ্যে যুদ্ধের সূচনা করে।

ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে দেড় হাজার মানুষ নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়। এছাড়া তারা ২২০ জনেরও বেশি লোককে জিম্মি করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.