ভারত শাসিত কাশ্মীরের উরিতে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এক কঠিন সত্যের মুখোমুখি হতে হয়েছে ভারতকে। পাকিস্তান বিষয়ক তাদের রণকৌশল কিছুতেই কাজে আসছে না। ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের একবারে কাছাকাছি অবস্থিত উরি ঘাঁটিতে রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ১৭ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। ঘুমন্ত জওয়ানদের উপর মাত্র চারজন সন্ত্রাসীর এ হামলায় আরও অন্তত ৩০ জন জওয়ান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
কাশ্মীরে ভারতীয় ঘাঁটিগুলোর উপর এ ধরনের হামলার নজির নিয়মিত দেখা যেত ৯০-এর দশকে। কিন্তু বহু বছর পর হঠাৎ করেই গত বছর গুরুদাসপুর ঘাঁটি ও চলতি বছরের শুরুর দিকে পাঠানকোট ঘাঁটিতে এ ধরনের হামলা চালানো হয়।
রোববারের এ হামলার পর ভারতের জনগণের পক্ষ থেকে পাকিস্তানে ঢুকে সামরিক হামলার দাবি আরও জোরালো হয়েছে। এমন-কি ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানে সামরিক হামলা চালিয়ে এ ঘটনার কড়া জবাব দিতে চাইছে। সেনাবাহিনী এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে ৭৭৮ কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় আর্টিলারি ব্যারেজ ও স্নাইপার রাইফেলধারী সেনা মোতায়েনসহ অন্যান্য অভিযান পরিচালনায় প্রস্তুতি নিতে মনোযোগী হতে নির্দেশ দিয়েছে।
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে গত দুইমাস ধরেই তীব্র উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বোরহান ওয়ানীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর ভ্যালি। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার টানা দুই মাস সেখানে কারফিউ জারি করে রখে। পরে কারফিউ শিথিল করলেও কয়েকদিন আগে এক স্কুল ছাত্রের ছররা গুলিবিদ্ধ লাশ পাওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। এর মধ্যেই রোবরার উরি সেনাঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল।
তবে বর্তমান পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, পাকিস্তানে ঢুকে সামরিক হামলা চালানোর মতো কোনো পদক্ষেপ ভারতের জন্য হিতে বিপরীতও হতে পারে।
সাধারণ জনগণ ও সেনাবাহিনীর পক্ষ থেকে তীব্র চাপ সত্বেও ভারতের কেন এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না, তার ছয়টি কারণ ব্যাখ্যা করেছেন হাফিংটন পোস্ট ইন্ডিয়ার কন্ট্রিবিউটিং এডিটর শিভাম ভিজ।
১. যুদ্ধের আশংকা: ভারত হয়তো পাকিস্তান সীমান্তে ঢুকে একটা ছোটখাটো অপারেশনের কথা চিন্তা করতে পারে। কিন্তু পাকিস্তান সেটির কী প্রতিক্রিয়া দেখায়, সেটা তো বলা যাচ্ছে না। দুটি পরমাণু শক্তিধর দেশ যে এমন পদক্ষেপে একে অপরকে ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিত করেই বলা যায়।
২. আরও বেশি সন্ত্রাসবাদের আশঙ্কা: সফল সামরিক অভিযান সন্ত্রাসবাদের আশঙ্কাকে দমাতে পারে, এটি ঠিক। ১৯৭১ সালের যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়, কাশ্মীর ও পাঞ্জাবে যেসব সন্ত্রাসী গোষ্ঠিগুলো আছে, সেগুলো অনেক বেশি সক্রিয় এবং পাকিস্তান স্বয়ং এসব গোষ্ঠিগুলোকে মদদ দিচ্ছে। পাঞ্জাব ও কাশ্মীরের কিছু ভূমি পাকিস্তান দখল করেছে এবং সেখানে পাকিস্তানের রাষ্টীয় আচার অনুষ্ঠানও পালন করা হয়। সামরিক অভিযানের মতো সিদ্ধান্ত নিলে পাকিস্তান এসব সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে মদদ দেওয়া বন্ধ করবে, তেমনটা মনে হচ্ছে না। উল্টো সেটি বাড়তে পারে।
৩. সফলতার নিশ্চয়তা নেই, আছে ব্যর্থতার আশঙ্কা: সামরিক অভিযানের সফলতার কোনো নিশ্চয়তা নেই। বরং অভিযান ব্যর্থ হলে ভারত দুর্বল ও বিপন্ন হিসেবে প্রমাণিত হবে। মুম্বাই হামলার পর ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন। কিন্তু তখন দেশটির বিমানবাহিনীর প্রধান মনমোহন সিংকে এই বলে বাধা দিয়েছিলেন যে, পাকিস্তানের টেররিস্ট ক্যাম্পগুলোর সত্যিকার কোনো ডিজিটাল তথ্য ভারতের হাতে নেই। আর সেনাপ্রধান বলেছিলেন, ভারতীয় সেনাবাহিনী এত সংক্ষিপ্তসারে হামলার জন্য প্রস্তুত নয়। সামরিক বিষেশজ্ঞরা বলেন, পাকিস্তানে হামলা চালাতে হলে ভারতকে অন্তত একবছর ধরে প্রস্তুতি নিতে হবে। আর রাজনৈতিকভাবে এ ধরণের একটি অভিযান হবে মোদি সরকারের জন্য চরম ব্যর্থতাস্বরুপ। কারণ রাজনৈতিকভাবে ব্যর্থ হলেই কেবল এ ধরনের হামলা চালানো যায়।
৪. পাকিস্তানও সামরিক অভিযান চায়: ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ যুদ্ধটি ছিলে কারগিল যুদ্ধ, ১৯৯৯ সালের মে-জুলাই মাসে। ওই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের আরও মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। উরির সেনাঘাঁটিতে যারা হামলা চালিয়েছে, তারাও জানত এ ধরনের একটা হামলা ভারতকে সামরিক অভিযান পরিচালনা করতে উদ্বুদ্ধ করবে। আর তাতে আবারও কাশ্মীর ইস্যু বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ কাড়বে। গত ২৩ আগস্ট কাশ্মীরে স্বাধীনতাকামী সংগঠন জামাত-উদ দাওয়ার এক টুইটে দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী চায় মোদি সরকার সবসময় এই কাশ্মীর ইস্যু নিয়ে ব্যস্ত থাকুক। যাতে সিন্ধু, বালুচিস্তানের দিকে তারা বেশি একটা মনোযোগ দিতে না পারে।
৫. আন্তর্জাতিক চাপ: কাশ্মীর সমস্যা আবার সামনে আসার পর বরাবরের মতোই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভারত পাকিস্তান উভয়কেই শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ভারত যদি সত্যিই একটি সামরিক অভিযান চালায়, তাহলে একটি পরমাণু যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হতে পারে বিশ্ববাসী। আর সীমান্তের ওপারে যেকোনো সামরিক অভিযানই যুদ্ধ, সেটি আপনি স্বীকার করুন আর না করুন। এমন ঘটনা ঘটলে প্রয়োজন হবে আন্তর্জাতিক সমর্থন। এটা না হলে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে দারুণ সংকটে পড়ে যাবে। পাকিস্তান তখন বড় গলায় বলবে ভারতই এ আগ্রাসন চালিয়েছে। ভারত তখন একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রে পরিণত হবে। নরেন্দ্র মোদি গত কয়েকবছর ধরে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবার যে প্রয়াস চালাচ্ছেন, এমন একটি অভিযান হবে সেটির বিরোধী।
৬. ক্ষতিগ্রস্থ হবে অর্থনীতি: যুদ্ধ সবসময়ই উভয়পক্ষের জন্যই অর্থনীতির বিশাল ক্ষতি। কিন্তু এ ক্ষেত্রে ভারতের ক্ষতিই হবে বেশি। ভারতের অর্থনীতি এখন পাকিস্তানের চেয়ে ভালো, তাই ক্ষতিটাও হবে ভারতেরই বেশি। যুদ্ধের কারণে সম্ভাব্য বিনিয়োগগুলো হাতছাড়া হয়ে যাবে, বাড়বে মুদ্রাস্ফীতি। বরং ভারতের অর্থনৈতিক উন্নতিই হবে ‘সন্ত্রাসের মদদদাতা’ পাকিস্তানের জন্য সর্বোত্তম উত্তর।