গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ, ইসরায়েল-হামাসের লড়াই শুরু

সাতদিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে ইসরায়েলি বোমারু বিমানগুলো অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হামলা চালাতে শুরু করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টার পর রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়। গাজায় হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ায় গাজায় ফের হামলা শুরু হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকও গাজা সিটিতে হামলার খবর নিশ্চিত করেছেন।

গাজায় প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তা আরও দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার আরও একদফায় এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

সবমিলিয়ে এ পর্যন্ত ২১০জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ১০০ জন ইসরায়েলি ও অন্যান্য বিদেশি নাগরিককে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬ হাজারই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।

সূত্র: আল জাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.