চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এখনও দুর্ঘটনা কবলিত স্থানে নিখোঁজদের সন্ধান করছে উদ্ধার কর্মীরা। খবর বিবিসি।
এর আগে, গতকাল সোমবার (২২ জানুয়ারি) ভোর স্থানীয় সময় ৫টা ৫১ মিনিটে ইউনান প্রদেশের জেনসিয়ং নগরীতে ভূমিধসে ঘটনা ঘটে। এতে প্রায় ১৮ টি বাড়ির ৪৭ জন মানুষ চাপা পড়েছিল। এখন পর্যন্ত পাওয়া খবরে ১১ টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।
শূন্যের কম তাপমাত্রার ওই এলাকায় পুরোপুরি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
পাহাড় ধসের ফলে এই ভূমিধস হয়েছে বলে প্রাথমিক তদন্তের প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ৬০ মিটার উঁচু থেকে পাহাড় ধসের ফলে এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের পর পরই মাটির নিচে বা বরফে চাপা পড়া নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করে প্রায় ১ হাজার উদ্ধারকর্মী।
গতকাল দুর্গত এলাকাটি থেকে প্রায় পাঁচ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল। চীনের প্রত্যন্ত পার্বত্য এলাকা ইউনানে মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটে।
