ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনার সন্দেহে দুই জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। ইন্দোনেশিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
আটক এই জঙ্গিরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এসব আক্রমণের পরিকল্পনা করেছিল বলে পুলিশের কর্মকর্তারা বলছেন।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করার দাবিতে গত শুক্রবার ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছে। বিক্ষোভ হয়েছে জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের সামনেও।
ইন্দোনেশিয়ায় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে আটক সন্দেহভাজন একজন বোমা প্রস্ততকারকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকে আটক করা হলো।
তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই দুজনের সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট তাদেরকে আটক করে। তাদের একজনকে আচেহ এবং অন্যজনকে ব্যানটেন প্রদেশ থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, আটক এই তিনজন জঙ্গিই ইন্দোনেশিয়ায় এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা তথাকথিত ইসলামিক স্টেটকে সমর্থন করছে।