খাবার সঙ্কটে বিএসএফ সদস্যরা!

bsf_crisis-1সকালে কেবল একটা পরোটা, দুপুরে ডাল সঙ্গে রুটি। আর রাতে? খাবারে টান পড়লে ঘুমোতে যেতে হয় পেটে কিল মেরেই! খাবার সঙ্কট নিয়ে এমন অভিযোগ তুলে ভারতীয় এক সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ভিডিও পোস্ট করার পর তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারত-পাকিস্তান সীমান্তে কর্মরত তেজবাহাদুর যাদব নামের ওই সীমান্তরক্ষী এমন অভিযোগ তোলার পর তাকে পুঞ্চে ২৯ নম্বর ব্যাটালিয়নে তার হেডকোয়ার্টার্সে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সেলফি মোডে তোলা চার মিনিটের তিনটি ভিডিওতে তিনি সীমান্তে প্রহরারত জওয়ানদের দৈনন্দিন দুর্দশার কথা জানিয়েছেন। আর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

তবে, ওই ভিডিওতে সরকারের গাফিলতিকে দায়ী না করে বাহিনীর এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের দিকে আঙুল তুলেছেন তেজ বাহাদুর। আর এই বিষয়টি সকলের নজরে আনতে চেয়েছেন বলেই ভিডিও তুলেছেন বলে দাবি তার।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লিখেছেন, ‘বিএসএফ জওয়ানের পোস্ট করা ভিডিওটি দেখেছি। বাহিনীর কাছে দ্রুত রিপোর্ট চাইতে নির্দেশ দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছি।’

মঙ্গলবার দুপুরে জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএসএফ-এর আইজি ডি কে উপাধ্যায়। ভিডিওটি দেখেছেন বলে দাবি করে তিনি জানান ‘অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর আমরা সেনাদের কাছে থেকে রেশন নিই। তার মান যথেষ্ট ভাল।’

তিনি দাবি করেন, ‘ওই কনস্টেবল উচ্ছৃঙ্খল। এর আগে ২০১০-এ শৃঙ্খলাভঙ্গের দায়ে তার কোর্টমার্শাল হয়। চাকরি চলে যাওয়ার উপক্রম হলেও তার পরিবারের কথা ভেবে সে বার ক্ষমা করে দেওয়া হয়েছিল।’ পাশাপাশি তিনি খাবারের মান যে খুব একটা ভালো হয় না শীতকালে সেটাও মেনে নিয়েছেন।

ডি কে উপাধ্যায় আরও বলেন, ‘আসলে শীতকালে টিনের খাবার খাওয়া হয় অনেক সময়। কিন্তু, জওয়ানরা তা নিয়ে কখনও অভিযোগ করেন না।’

https://www.youtube.com/watch?v=wpcGF0p_whc

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.