আবারো উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ যুক্ত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে। আর গত বছর যুক্ত হয় দুটি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’। আগামী সেপ্টেম্বরে আসছে বোয়িং থেকে কেনা আরো দুটি ‘ড্রিমলাইনার’। এসব উড়োজাহাজের প্রত্যেকটিই টানা ১৬ ঘণ্টার বেশি উড়তে সক্ষম, যদিও বড় দূরত্ব বলতে কেবল ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা সীমাবদ্ধ থাকায় ব্যবহূত হচ্ছে না উড়োজাহাজগুলোর পূর্ণ সক্ষমতা। বিদ্যমান সক্ষমতা অব্যবহৃত রেখে আবারো দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ পাঁচ বছরের জন্য লিজ নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের বহরে উড়োজাহাজ রয়েছে ১৩টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ উড়োজাহাজ লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম। এছাড়া রয়েছে চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ, যেগুলো মূলত আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনার উপযোগী। আর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য রয়েছে তিনটি ড্যাস-৮কিউ৪০০ উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রুট ম্যাপে দেখা যায়, বর্তমানে বিমানের আন্তর্জাতিক রুট কেবল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়ই সীমাবদ্ধ। মধ্যপ্রাচ্যে কুয়েত, দাম্মাম, দোহা, রিয়াদ, জেদ্দা, আবুধাবি, দুবাই ও মাস্কাটে ফ্লাইট রয়েছে বিমানের। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে ফ্লাইট চালাচ্ছে বিমান। এছাড়া স্বল্প দূরত্বে কলকাতা, ইয়াঙ্গুন ও কাঠমান্ডুতে ফ্লাইট রয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থাটির। ইউরোপে কেবল লন্ডন রুটেই ফ্লাইট পরিচালনা করছে বিমান। সে হিসেবে লিজ নিতে যাওয়া দুটি ৭৭৭-৩০০ উড়োজাহাজ বহরে যুক্ত হলে কেবল একটি রুটের জন্যই বিমান বহরে থাকবে লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম আটটি উড়োজাহাজ।
বিমান বহরে থাকা ১৩টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি আনা হয়েছে লিজ চুক্তির আওতায়। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে জিই ক্যাপিটাল এভিয়েশন সার্ভিসেস থেকে। তিনটি ড্যাস-৮কিউ৪০০ উড়োজাহাজের মধ্যে দুটি স্মার্ট এভিয়েশন এবং একটি নরডিক এভিয়েশন ক্যাপিটালের (এনএসি) সঙ্গে দীর্ঘমেয়াদি ড্রাই লিজ চুক্তির আওতায় বিমান বহরে যুক্ত রয়েছে। এর বাইরে আরো দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ লিজ নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিমান কর্তৃপক্ষ। কুয়েতভিত্তিক এভিয়েশন লিজ অ্যান্ড ফিন্যান্স কোম্পানি (এএলএএফসিও) থেকে দীর্ঘমেয়াদে ড্রাই লিজে নেয়া উড়োজাহাজ দুটি বিমান বহরে যুক্ত হবে চলতি জানুয়ারিতেই।
এদিকে দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ লিজ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র (আরএফপি) আহ্বান করেছে বিমান। ২০১৯ সালের মে মাস থেকে পাঁচ বছরের জন্য ড্রাই লিজে বহরে যুক্ত করা হবে উড়োজাহাজ দুটি। দরপত্রের শর্তে বলা হয়েছে, উড়োজাহাজ দুটি অবশ্যই ওয়াইড বডি এবং ৪০০ আসনের বেশি হতে হবে। আগামী ২০ জানুয়ারির মধ্যে দরপত্র জমার সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মিসরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করায় সাড়ে তিন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আর্থিক ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকা। সে সময় সংসদীয় উপকমিটির দেয়া প্রতিবেদনে বলা হয়, কোনো খোঁজখবর না করেই দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে চুক্তিটি ছিল আত্মঘাতী। ইঞ্জিনের সক্ষমতা যাচাইয়েও ব্যর্থতা ছিল। কারিগরি কমিটি উড়োজাহাজ দুটি সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছে বলে তদন্তে প্রতীয়মান হয়নি। যার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে বিমান পরিচালনায় লিজ প্রথা বন্ধ করে নতুন উড়োজাহাজ ক্রয়ের পদক্ষেপ নিতে সুপারিশ করেছিল সংসদীয় কমিটি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দূরত্বে উড্ডয়নের জন্য আনা এসব উড়োজাহাজ দিয়ে স্বল্প ও মাঝারি দূরত্বের ফ্লাইট পরিচালনা বিমানকে ক্যাপাসিটি লসের দিকে ঠেলে দিচ্ছে। বহরে নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ যুক্ত করার প্রধান লক্ষ্য ছিল ইউরোপ-আমেরিকার মতো লম্বা দূরত্বের ফ্লাইট চালু করা। বর্তমানে মাত্র ১৫টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। যদিও বিশ্বের ৫২টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে বাংলাদেশের। দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও এখনো চালু করা যায়নি ঢাকা-নিউইয়র্ক, ঢাকা-টরন্টোর মতো লম্বা রুটের ফ্লাইট।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বিমান রেকর্ড ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে। যাত্রী পরিবহনে ১১ শতাংশ প্রবৃদ্ধি সামনে রেখে ২০৩০ সাল নাগাদ বহরের উড়োজাহাজ সংখ্যা ৩০টি করার লক্ষ্য নেয়া হয়েছে। লোকসানে থাকা রুটগুলো এরই মধ্যে বন্ধ করে দিয়েছে বিমান। আর লাভজনক রুটগুলোয় ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, চলতি জানুয়ারিতে দুটি ৭৩৭ এবং আগামী মে মাসে দুটি ৭৭৭ বহরে যুক্ত হবে। পাশাপাশি চলতি বছর গুয়াংজু, মদিনা, কলম্বো ও মালে রুটে ফ্লাইট চালু করা হবে। ৭৭৭ উড়োজাহাজ দুটি লিজ নেয়া হচ্ছে আগামী হজ ফ্লাইটকে সামনে রেখে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাটাগরি উন্নয়ন হলে নিউইয়র্ক ও টরন্টো রুটের ফ্লাইটে এসব উড়োজাহাজ ব্যবহার করা হবে।
