তুরস্কের অগ্রগতির ধারা অব্যাহত রাখার ঘোষণা এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গত ১৬ বছর ধরে তুরস্কের অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে।

কৃষ্ণসাগর তীরবর্তী শহর স্যামসুনে ৩১ মার্চের স্থানীয় নির্বাচন সামনে রেখে এক সমাবেশে এরদোগান মেয়রপ্রার্থীদের ব্যাপক বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির মেয়রপ্রার্থী মোস্তফা দামিরসহ ১৭ মেয়রপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এরদোগান।

২০০২ সাল থেকে একে পার্টির শাসনের কথা উল্লেখ তিনি বলেন, গত ১৬ বছরে তুরস্ক উন্নয়নের পথে অগ্রসর হয়েছে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

এরদোগানের মতে, তার দলের সামনে একটা ফাঁদ রয়েছে। গত পাঁচ বছরে যেসব ঘটনাবলির ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে, সেদিকে নজর দিতে বলেছেন তিনি। দেশের কথা ভেবে সেসব ঘটনা মাথায় রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

২০১৩ সালে ইস্তানবুলের গেজি পার্কের ছোট একটা বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। সরকারবিরোধী ওই বিক্ষোভে আট ব্যক্তি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

তুরস্ক সরকারের দাবি, ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন ওই বিক্ষোভ করেছিল। পুলিশ ও আদালত ব্যবস্থায় তাদের অনুপ্রবেশের কথাও জানিয়েছে সরকার।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ২৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ২০০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.