বালি ভ্রমণে পর্যটকদের কর দিতে হবে।
বিশ্বের সবচেয়ে মনোরম দ্বীপগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার বালি অন্যতম। সেখানে সুদৃশ্য সৈকতের অভাব নেই! এছাড়া ঐতিহাসিক মন্দির ও ইউনেস্কোর তালিকাভুক্ত বনভূমি ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে। তাই দ্বীপটি বিভিন্ন দেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ভ্রমণপিপাসুরা বেড়াতে কিংবা ছুটি কাটাতে সেখানে ভিড় করেন। হতাশার কথা হলো, শিগগিরই বালিতে বিদেশি পর্যটকদের ওপর কর আরোপ করা হবে। পর্যটন ট্যাক্স চালুর একটি প্রস্তাবনা পাসের প্রক্রিয়া চলছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক পর্যটককে বালিতে ঢুকতে ১০ ডলার (৮৪০ টাকা) কর দিতে হবে। ইন্দোনেশিয়ার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের অংশ হিসেবে পরিবেশ বিষয়ক প্রকল্পের জন্য অর্থ তহবিল সংগ্রহের লক্ষ্যে কর ধার্য করা হচ্ছে।
দ্য জাকার্তা পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বালি প্রাদেশিক সংসদে পর্যটকদের ওপর কর আরোপ নিয়ে কথা বলেছেন দ্বীপের গভর্নর ওয়াইয়ান কস্তার। তার আশা, ‘বালির উন্নয়নে পর্যটন ট্যাক্স ভালো রাজস্ব এনে দিতে পারে আমাদের।’
তবে গর্ভনর কস্তার মনে করেন, পর্যটন ট্যাক্স বালি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করবে না। দ্য জাকার্তা পোস্টকে তিনি বলেন, ‘কর থেকে প্রাপ্ত অর্থ আমাদের পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় ব্যয় হবে বলে পর্যটকরা খুশিই হবে।’
ইন্দোনেশিয়ার বালিতে বিদেশি পর্যটকরা২০১৭ সালে বালিতে ২৭ লাখ বিদেশি পর্যটক বেড়াতে গিয়েছিল। গত বছর সংখ্যাটা নিঃসন্দেহে আরও বেড়েছে। তবে প্লাস্টিক বর্জ্যের সমস্যা সেখানে প্রকট হয়ে উঠছে। এই বর্জ্য সৈকত ও সাগরের পানিদূষণে নেতিবাচক প্রভাব ফেলছে।
বালি এনভায়রনমেন্ট এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন ৩ হাজার ৮০০ টন বর্জ্য জমা হয় এই দ্বীপে। এর মধ্যে ৬০ শতাংশ আবর্জনা নির্দিষ্ট স্থানে নেওয়া যায়। একবার ব্যবহারযোগ্য যেমন শপিং ব্যাগ,স্টাইরোফোম ও প্লাস্টিকের স্ট্র এখন বালিতে নিষিদ্ধ। আশা করা হচ্ছে, বালির সামুদ্রিক পরিবেশে একবছরের মধ্যে ৭০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমে আসবে।
পর্যটকদের কাছ থেকে কর বিমান টিকিটের সঙ্গে যুক্ত করা হবে নাকি বিমানবন্দরে নেওয়া হবে তা নিয়ে এখন আলোচনা চলছে। তবে বেশিরভাগই বিমান টিকিটের সঙ্গে যুক্ত করার পক্ষে। স্থানীয় নেতারা এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। তারাও মনে করেন, এ কারণে বালি ভ্রমণে পর্যটকদের অনীহা তৈরি হবে না।
জানা গেছে, বালির উদাইয়ানা ইউনিভার্সিটির স্কুল অব হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বিভাগ বিদেশি পর্যটকদের ওপর এক জরিপ পরিচালনা করেছে। দ্বীপের সুরক্ষায় অর্থ সহায়তা দিতে ইচ্ছুক কিনা তা জানতে চাওয়া হয় এতে। চমকপ্রদ ব্যাপার হলো, ৬০ শতাংশই সম্মতি দিয়েছেন।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কয়েকটি সৈকতনতুন বছরে জাপানে পর্যটকদের ওপর ৯ ডলার কর আরোপ করা হয়। বিদেশি ভ্রমণকারীরা বিমান কিংবা জাহাজে চেক-আউটের সময় এই অর্থ দিচ্ছে। দেশটির পর্যটন অবকাঠামো গড়া ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের লক্ষ্যে এমন পদক্ষেপ।
এদিকে বিদেশি পর্যটকদের রাতে থাকার ওপর কর আরোপ করা হচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গে। স্কটিশ এই শহরে ছুটি কাটাতে গেলে হোটেলে কিংবা অন্য যেকোনও বাড়িতে প্রতি রুমের ভাড়ার সঙ্গে বাড়তি ২ পাউন্ড কর দিতে হবে। এটাকে বলা হচ্ছে ট্যুরিজম ভিজিটর লেভি (টিভিএল)।
বারবাডোজে বেড়াতে যাওয়া ভ্রমণপিয়াসীদের হোটেল থাকার ওপর পর্যটন ট্যাক্স আরোপ করা হয়েছে। দ্বীপটিতে প্রতি কক্ষের জন্য একেক রাতে কর দিতে হবে আড়াই ডলার থেকে ১০ ডলার পর্যন্ত। কোনও পরিবার দুই সপ্তাহ দুটি কক্ষে থাকলে তাদের বাড়তি গুনতে হবে ২১০ পাউন্ড।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের থমাস সৈকতইতালির ভেনিস শহরে প্রত্যেক পর্যটকের প্রতিদিন বেড়ানোর জন্য ১১ ডলার কর দেওয়ার নিয়ম চালু হবে এ বছরেই। প্রস্তাবনাটি এখন ইতালির সংসদে রয়েছে। হোটেল রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ। যুক্তরাজ্যে বিমান ভ্রমণ ও পর্যটন উন্নয়ন ফি হিসেবে পর্যটকদের কাছ থেকে কর নেওয়ার পরিকল্পনা চলছে।
গত বছরের ডিসেম্বরে ভারতের জনপ্রিয় পর্যটন স্থাপত্য তাজমহলের টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়। একইসঙ্গে এর অভ্যন্তরে দর্শনার্থীদের অবস্থান করার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে।