সন্তানদের ঘাড়ে পরমাণুর বোঝা চাপাতে চাই নাঃ কিম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, পরমাণু অস্ত্রের বোঝা ঘাড়ে নিয়ে তার সন্তানেরা বেঁচে থাকুক এটা তিনি চান না।

গত বছরের জুনে পম্পেওর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছিলেন কিম। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের বিষয়ে উচ্চপর্যায়ের এ কূটনৈতিক আলোচনা সম্পর্কে অবগত এক সাবেক সিআইএ কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, গত এপ্রিলে পিয়ংইয়ংয়ে পম্পেওর সফরে তাকে বিরল এ কথা বলেছিলেন উত্তরের নেতা। সিঙ্গাপুরে ১২ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের প্লাটফর্ম তৈরি করতেই পিয়ংইয়ং গিয়েছিলেন পম্পেও।

সাবেক সিআইএ কর্মকর্তা অ্যান্ড্রিউ কিম এ তথ্য জানিয়েছেন। পম্পেওকে কিম বলেছিলেন, ‘আমি একজন পিতা এবং একজন স্বামী। আমার সন্তানও রয়েছে। আমি চাই না, আমার সন্তানেরা তাদের পুরো জীবনে পরমাণু অস্ত্রের বোঝা বয়ে বেড়াক।’ শুক্রবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টারে এক বক্তব্যে এ কথা জানান অ্যান্ড্রিউ।

এদিকে, ট্রেনে করে ভিয়েতনামের উদ্দেশ্যে শনিবার রওনা হয়েছেন কিম। রাশিয়ার তাস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিনহ মিনহ বলেন, ‘শিগগিরই কিম ভিয়েতনাম সফর করছেন।

চীনা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ এক সেনা কর্মকর্তা জানান, ‘ডং ড্যাং ট্রেন স্টেশন থেকে হ্যানয়ের পথজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। আশা করছি আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হবে।’ পিয়ংইয়ং থেকে আসা কিমের ট্রেন ডং ড্যাং সীমান্তে এসে থামবে। সেখান থেকে গাড়িতে করে হ্যানয়ে আসবেন কিম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.