ভারতীয় কারাগারে আরও এক পাকিস্তানি বন্দির মৃত্যু

ভারতীয় কারাগারে বন্দি থাকা আরও এক পাকিস্তানি কয়েদির মৃত্যু হয়েছে। ৬২ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমকে অবৈধভাবে বর্ডার পার হওয়ার অভিযোগে ভারতীয় বাহিনী আটক করেছিল। খবর জি নিউজের।

আটকের পর তাকে পূর্ব পাঞ্জাবের পিরোজপুর জেলে আটক রাখা হয়। ২০১৬ পর্যন্ত তার শাস্তির মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও এত দিন তাকে মুক্তি দেওয়া হয়নি।

২০১৬ সালে সাজার মেয়াদ শেষ হলে তাকে পিরোজপুর থেকে অমৃতসর কারাগারে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে গুরু নানক দেও হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আজমের।

তবে ভারতীয় বন্দিদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত ২০ ফেব্রুয়ারি ভারতের জয়পুর কারাগারে শাকিরুল্লাহ নামে আরেক পাকিস্তানি বন্দির মৃত্যু হয়। শাকিরুল্লাহর ওপর চড়াও হন জেলের সাজাপ্রাপ্ত তিন আসামি। তারা শাকিরুল্লাহকে মারধর শুরু করলে তার সঙ্গে যোগ দেন অন্য বন্দিরাও।

ভারতীয় গণমাধ্যম জেলের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বাঁশ-লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তার ওপর ইটপাটকেলও ছোড়া হয়।

পরে খবর পেয়ে জেলের নিরাপত্তারক্ষীরা ছুটে যান। বন্দিদের হাত থেকে শাকিরুল্লাহকে মুক্ত করার চেষ্টা করেন। এছাড়া পুলিশ প্রশাসনকেও খবর পাঠানো হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে মেডিকেল টিম এবং পুলিশ কর্মীরা গিয়ে শাকিরুল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জনায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাকিরুল্লাহর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ হলে তাতে দেখা যায়, মৃত্যুর আগেই শাকেরুল্লার কলিজা ও মাথার মগজ বের করে ফেলা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.