ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারানো পাকিস্তানি নাগরিক নাঈম রাশীদকে বীরের মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান রোববার এ ঘোষণা দিয়েছেন । খবর ডন ও জি নিউজের
টুইটারে দেয়া বার্তায় ইমরান খান বলেন, শেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসীকে ঠেকাতে গিয়ে শহীদ মিয়া নাঈম রাশীদের জন্য পাকিস্তান গর্বিত। জাতীয় পুরস্কারের মাধ্যমে তার সাহসের স্বীকৃতি দেয়া হবে।
এ ছাড়া ক্রাইস্টচার্চে হতাহত পাকিস্তানি পরিবারগুলোকেও সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী ২৩ মার্চ নাঈম রশীদকে মরণোত্তর রাষ্ট্রীয় পদক দেয়া হবে।
এর আগে শনিবার পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল এক বিবৃতিতে জানিয়েছিলেন, নাঈম রাশিদ নামে এক পাকিস্তানি নাগরিক হত্যাকাণ্ড প্রতিরোধের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখার জন্য বীরের মর্যাদা পেয়েছেন।
তিনি হত্যাকাণ্ড ঠেকাতে গিয়ে নিজে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডে তার ছেলে তালহা নাঈমও মারা গেছেন।
ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বন্দুকধারীকে ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন নাঈম রাশিদ । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নির্বিচারে ছোড়া গুলির আঘাতে ক্ষত-বিক্ষত রাশীদ চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।
প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮জন। নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন।
নিখোঁজ রয়েছেন আরও ৭ বাংলাদেশি। ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীর খবরে ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শেতাঙ্গ বন্দুকধারীর চালানো স্মরণকালের ইতিহাসে বর্বরোচিত এ হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে।