ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল ‘ডিম বালক’

অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার সিনেটর সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙ্গে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ১৭ বছরের অস্ট্রেলিয়ান। তাকে এখন ‘ডিম বালক’ নামেই ডাকা হচ্ছে। টুইটারে #eggboy নামে একটি ট্রেন্ডও চালু হয়ে গেছে।

এর আগে শনিবার মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং। সে সময় ১৭ বছরের ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙ্গে।

ভিডিওতে দেখা যায়, এরপরে সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা এতে তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে।

বার্তা সংস্থা প্রেস এসোসিয়েশন বলছে, পুলিশ জানিয়েছে যে ওই কিশোরকে আটক করা হলেও কোনো অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আরও তদন্তের পরে ঠিক করা হবে, এই ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে কিনা।

ভিক্টোরিয়া পুলিশ রয়টার্সকে জানিয়েছে, তারা পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখছে এবং এখানে ১৭ বছরের এক কিশোর জড়িত রয়েছে।

মার্কিন অভিনেত্রী চেলসি পেরেত্তি লিখেছেন, কেন ডিম বালক আমাকে এভাবে কাঁদালো?

নিউজিল্যান্ডের রক ব্যান্ড আননোন মর্টাল অর্কেস্ট্রা সংক্ষেপে লিখেছে, ডিম বালক প্রেরণা।

রয়টার্স বলছে, ওই কিশোরের জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগ শুরু হয়েছে। যেখানে এর মধ্যেই ১৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার ( ১৩৫০০ মার্কিন ডলার) জমা পড়েছে। এই অর্থ কিশোরের আইনি ব্যয় মেটানো আর ‘আরও বেশি ডিম কেনার’ জন্য ব্যবহৃত হবে।

অ্যানিংয়ের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটারে বলেন, তার এ ধরনের বক্তব্য ন্যক্কারজনক। এ ধরনের মতামতের অস্ট্রেলিয়াতে কোনো স্থান নেই। এটা অস্ট্রেলীয় সংসদ। নিজের মন্তব্যের জন্য তার লজ্জিত হওয়া উচিত। আমার সরকার কোনোভাবেই এর সঙ্গে একমত নয়।

শুক্রবারের বিবৃতির জন্য অ্যানিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকার পার্লামেন্টে তিরস্কার প্রস্তাব তুলবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৫০ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.