‘জেলে যেতে রাজি, আমার কন্ঠ স্তব্ধ করা যাবে না’

‘জেলে যেতে রাজি, আমার কন্ঠ স্তব্ধ করা যাবে না’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পুরনো মেজাজেই দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁর সামনে কংগ্রেস, সিপিএম নয়, আপাতত বড় কাঁটা বিজেপি। তাই আগামী ২ বছর তৃণমূল ছাত্র সংসদকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বুধবার দুপুরে মেয়ো রোডের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এদিন ছাত্র-যুবদের উদ্বুদ্ধ করার চেষ্টায় ত্রুটি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

হালে মেচেদায় একটি জনসভা থেকে বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করে জনসভা থেকে দলীয় কর্মীদের পুলিশ ও তৃণমূল নেতাদের না ছাড়ার কথা বলেন। তিনি এও বলেন, তিনি যদি খুন করতে শুরু করেন তবে বংশ লোপাট করে দেবেন। এ ধরনের উত্তেজক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এতদিন জলঘোলা হচ্ছিল। এদিন মেয়ো রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দেন।

বলেন, তাঁরা প্রচুর লড়াই করে এসেছেন। যাঁরা চমকানো দেখেননি তাঁদের চমকানো যায়। যাঁরা লড়াই করেই জীবন কাটিয়েছেন তাঁদের চমকানো যায়না। বন্দুকের সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছেন তিনি। তাঁকে ভয় দেখানো যাবেনা।

মোদী সরকাররকে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বলেন, ‘‘দেশ দখল করবে বলে এজেন্সির ভয় দেখাচ্ছে। কেউ কথা পর্যন্ত বলতে পারছেন না। কিন্তু, আমার কন্ঠ স্তব্ধ করা যাবে না। আমরা এজেন্সিকে ভয় পাই না। আজ আমার ভাইকে ডাকছে, কাল আমায় ডাকবে। এজন্য আমি তৈরি। আমি জেলে যেতে রাজি কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করব না। জেলে গেলে ভাবব, স্বাধীনতা সংগ্রাম করছি, দেশ পরাধীন হয়ে গিয়েছে’’।

মমতা আরও বলেন, ‘‘আজ ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি, আমার ধারণা, ওরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছে। জেনে রেখে দিন, আজ শিক্ষিত সমাজ, বিদ্বজনদের কাছে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি, একটা নির্বাচন, একটা নেতা, একটা রাজনৈতিক দল, একটা জরুরি অবস্থা, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছে ভারতবর্ষ। দুঃখের কথা এজন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন…লক্ষ কোটি মানুষ প্রাণ দিয়েছেন। আর আজ দেশ দখল করবে বলে সবাইকে টাকা দিচ্ছে, ভয় দেখাচ্ছে’’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.