পাকিস্তানের সমর্থন বাড়ছে

পাকিস্তানের সমর্থন বাড়ছে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন ও তুরস্কসহ অর্ধশতাধিক রাষ্ট্র। মঙ্গলবার দেশগুলোর এক যৌথ বিবৃতিতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ তথ্য জানিয়েছেন।

তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি অভিযোগ করার পর এই বিবৃতি দেয় দেশগুলো।

টুইটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তান আজ ৫০টিরও বেশি দেশের পক্ষে ঐতিহাসিক যৌথ বিবৃতি দিয়েছে। এ ঘটনা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য। যৌথ বিবৃতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ওআইসির অর্ধশতাধিক রাষ্ট্র।

জাতিসংঘের ওই দেশগুলো যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত শাসিত কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে, বিশেষত ২০১৯ সালের ৫ আগস্টে পদক্ষেপগুলো নেওয়ার পর থেকে। এখন সেখানে মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য মানবাধিকার সংস্থার জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ সনদ, ভারত শাসিত জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক মানবাধিকার ও তাদের সম্মান রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান থাকা উচিত। বিশেষত তাদের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা অধিকারের বিষয়ে।’

দেশগুলো কাশ্মীরে যোগাযোগের ওপর বিধিনিষেধ ও কারফিউ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সেখানে অতিরিক্ত বলপ্রয়োগ ও বন্দুকের ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.