‘হয় সবার নিরাপত্তা নয়তো কারো নয়’

‘হয় সবার নিরাপত্তা নয়তো কারো নয়’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সমস্ত দেশ এই নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না।

পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রতি ইঙ্গিত করেই তার এমন মন্তব্য। কুয়েতের আল-রাই পত্রিকায় আজ বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে জাভেদ জারিফ মার্কিন প্রশাসনকে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন।

প্রকাশিত ওই নিবন্ধে তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য একটি বিষয়। বহু শতাব্দী ধরে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অঞ্চলের নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব থাকে সেই অঞ্চলের জনগণ কিংবা রাষ্ট্রের। বিদেশি রাষ্ট্রের নাক গলানো হলো অনধিকার চর্চা। তাই আমাদের নিরাপত্তা রক্ষা করতে হবে যেকোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ ছাড়াই।

জাভেদ জারিফ আরও বলেন, মধ্যপ্রাচ্য যেকোনো সময়ের চেয়ে এখন নিত্য-নতুন চ্যালেঞ্জ ও হুমকির মুখে আছে। তাই এরকম সময়ে এই অঞ্চলের দেশগুলোকেই নিরাপত্তা এবং স্থিতিশীলতার দায়িত্ব নিতে হবে। যদি তা না হয় তাহলে বিপর্যয় অনিবার্য।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, অস্ত্র কিনে এবং বিদেশিদের সঙ্গে সামরিক চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। বরং এটি নিশ্চিত করা যায় জনগণের ওপর আস্থা ও ভরসা রেখে। পাশাপাশি জাতীয় সক্ষমতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করাও গুরুত্বপূর্ণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.