নাগরিকত্ব আইনবিরোধী প্রতিবাদ-বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদি।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমদিকে কিছুটা স্বস্তিতে থাকলেও এবার বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি নরেন্দ্র মোদি। এমনতিই ভারতের অর্থনৈতিক মন্দা ঘিরে চাপে ছিল সরকার, এরমধ্যে মরার ওপর খাঁড়ার ঘা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে টানা বিক্ষোভ-আন্দোলন এখন মোদির বড় চ্যালেঞ্জ।
গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পরে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ পথে নেমেছেন। পরিস্থিত ক্রমশই জটিল হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে জড়িয়ে পড়ছেন সংঘর্ষে, শান্তিপূর্ণ বিক্ষোভও অনেক সহিংস হচ্ছে। বিক্ষোভে ইতিমধ্যেই কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন।
তবে বিক্ষোভ-আন্দোলন প্রশমিত করতে কোনোভাবেই নরমপন্থা বেছে নিতে রাজি নয় কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার। গত দুই সপ্তাহে বিক্ষোভ চলাকালীন ভাঙচুর ও সহিংসার ঘটনা ঘটছে তার নিন্দা করে বিক্ষোভকারীদেরই দুষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য তার শান্ত হওয়ার আহ্বানেও কাজ হয়নি।
উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্মৌতে এক সমাবেশ মোদি বলেন, ‘যারা বিভ্রান্ত হয়েছেন এবং বিক্ষোভ করার নামে সরকারি সম্পত্তির ক্ষতি করছেন তারা বাড়িতে বসে ভাবুন আর নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন যে আপনারা যে পথ নিয়েছেন তা সঠিক ছিল কিনা।
বিক্ষোভকারীদের দোষারোপ করলেও পুলিশ যেভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ঠেকাতে সরাসরি গুলিসহ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহারের মাধ্যমে বর্বরতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে তা নিয়ে কোনও মন্তব্যই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১১ ডিসেম্বর সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই আইনের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অমুসলিম (হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি ও জৈন) শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেয়ার পথ প্রশস্ত হয়েছে।
তবে এই তালিকা থেকে কৌশলে বাদ রাখা হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের। তা নিয়েই প্রতিবাদে মুখর গোটা ভারত। তবে উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছিলে স্থানীয় অধিবাসীদের হুমকির কথা ভেবে, মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নয়। তাই সেখানে আন্দোলন এখন স্তিমিত।
আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। যতক্ষণ সংশোধিত নাগরিকত্ব আইন বিলোপ করা হবে, ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন তিনি। মমতার অভিযোগ, বিজেপি আগুন নিয়ে খেলছে। তারা কথা দিয়ে কথা রাখে না। বিজেপি টাকা দিয়ে সহিংসতা তৈরি করছে।
মোদির নাগরিকত্ব আইন নিজের রাজ্যে প্রয়োগ করতে দেবেন না বলে ইতোমধ্যে সাত থেকে আটজন মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে রেখেছেন। যেভাবে গোটা ভারতের নাগরিকত্ব ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন তীব্র হচ্ছে তাতে প্রধানমন্ত্রী মোদির কপালে যে অতিরিক্ত ভাঁজ পড়বে তা অনুমান করা যেতেই পারে।