৮ বছর পর ম্যানচেস্টার গেল বিমানের ফ্লাইট

৮ বছর পর ম্যানচেস্টার গেল বিমানের ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট বিজি ০০৭ আজ রোববার সকালে ম্যানচেস্টারের উদ্দেশে ২৬৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ম্যানচেস্টার ফ্লাইট উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল অ্যাভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের তথ্য অনুযায়ী, নতুন ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখি দিয়ে ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ইউরোপে এটা বিমানের দ্বিতীয় গন্তব্য।

বিমানবহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে ৩ দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এটি বিমানের ১৭তম রুট। ২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়।

নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসনসংখ্যা ২৯৮টি। উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে।

বিমান বহরে বর্তমানে রয়েছে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.