‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের বিক্ষোভ, ইসরাইলের হামলা

মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র উপস্থাপন করেন। ট্রাম্পের ওই একপেশে পরিকল্পনা প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিন ও জর্ডানের কয়েকটি শহরের বিক্ষুব্ধ লোকজন।

বুধবার পশ্চিম তীরে, বেথেলহাম, দক্ষিণ জেরুজালেম, জর্ডান উপত্যকা ও হেবরনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইসরাইলের সেনাবাহিনী।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ফিলিস্তিনিদের বিক্ষোভে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।

তথাকথিত এ মার্কিন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া তিনি কখনই এ পরিকল্পনা মানবেন না।

কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য তাকে টেলিফোন করলেও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি হননি।

৮৪ বছর বয়সী এ ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, যে পরিকল্পনায় জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা নেই, সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না। ফিলিস্তিনি জনগণের কাছে একজন ‘বিশ্বাসঘাতক’ হিসেবে পরিচিত হয়ে তিনি কবরে যেতে চান না। তিনি বলেন, জেরুজালেম বিক্রি করার জিনিস না। পবিত্র এ ভূমি ছাড়া কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে পারে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.