মোদি এলে দেশের সব বিমানবন্দর অচল করে দেবে হেফাজত!

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে। মোদিকে বাংলাদেশে আসতে দিলে ঢাকাসহ সারা দেশের বিমানবন্দর অচল করে দেয়া হবে।

তিনি বলেন, মোদির আগমনের কারণে দেশে অচল অবস্থার সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। দেশের মানুষ গুজরাটের কসাইখ্যাত দিল্লি গণহত্যার সন্ত্রাসী মোদিকে বাংলাদেশের মাটিতে কোনোক্রমেই সহ্য করবে না তৌহিদি জনতা।

শনিবার হাটহাজারী মাদ্রাসার সম্মুখস্থ ডাকবাংলো চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অসংখ্য মুসলমানকে শহীদ করা হয়েছে এমন দাবি করে বাবুনগরী বলেন, উলামায়ে দেওবন্দের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ভারত রাষ্ট্র স্থান পেয়েছে।

বালাকোট আন্দোলন থেকে রেশমী রোমাল ও আজাদী আন্দোলন সবখানেই উলামায়ে কেরামের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারতের উচিত হবে নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান হেফাজত নেতা মাওলানা নাছির উদ্দীন মুনিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল ইসলাম জাদীদ, হেফাজত নেতা মুফতি মাহমুদুল হাসান গুনভী, মাওলানা নসীম সাহেব, মাওলানা মীর মুহাম্মদ কাসেম, মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নিয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে। এ সময় উক্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ প্রশাসনের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN