কুয়েতে প্রবেশকারীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

কুয়েতে প্রবেশকারীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। গত ২৭ ফেব্রুয়ারি থেকে যেসব প্রবাসী কুয়েতে প্রবেশ করেছেন তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাহারা, ১৩ মার্চ মোবারক আল কাবির, ১৪ মার্চ ফরওয়ানিয়া, ১৫ মার্চ হাওয়াল্লি, ১৬ মার্চ আহমেদি ও ১৭ মার্চ আল আসিমা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে যোগাযোগের সময় সঙ্গে অবশ্যই সিভিল আইডি ও পাসপোর্ট রাখতে হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারির পরে যারা কুয়েত প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে কুয়েতে এ পর্যন্ত ৬৫ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ ৭ দেশের ফ্লাইট এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করেছে কুয়েত সরকার। ফ্লাইট বন্ধ থাকায় এসব দেশের নাগরিক, যাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য ভিসা নবায়ন এবং দেশে যাদের ৬ মাস অবস্থান পূর্ণ হয়েছে তাদের জন্য দিকনির্দেশনা জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, যেসব বিদেশি শ্রমিক কুয়েতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে প্রবেশে বিলম্ব হয়ে আকামা মেয়াদোত্তীর্ণ হচ্ছে, তাদের কোম্পানির জনশক্তি মন্ত্রণালয়ের অনুমোদন বা শোন পাশ পেপার ইমিগ্রেশন অফিসে জমা দিয়ে ৩ মাসের দহুল বা প্রবেশ আবেদন নিতে পারবে। তবে আকামার আর্টিকেল যদি ২০ হয়, সেক্ষেত্রে আবেদনকারীকে ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজ কর্মচারীর আকামা নবায়ন ও দহুলের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN