এবার ভারতীয় সেনাবাহিনীতে করোনাভাইরাসের থাবা

এ বার ভারতীয় সেনাবাহিনীতেও নোভেল করোনাভাইরাসের থাবা পড়েছে। কাশ্মীরের লেহ-তে মোতায়েন ভারতীয় এক সেনা সদস্য কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। খবর আনন্দবাজার অনলাইন।

৩৪ বছরের ওই সেনা সদস্য ভারতীয় পদাতিক বাহিনীর লাদাখ স্কাউটের সদস্য। এই স্কাউটরা ‘স্নো ওয়ারিয়র্স’ নামে পরিচিত।

২৭ ফেব্রুয়ারি ইরান থেকে তীর্থ করে বাড়ি ফেরেন ওই সেনা সদস্যের বাবা। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই সময়  ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন সেনা সদস্য।

সেনা সূত্র জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারি লাদাখ হার্ট ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে রাখা হয় ওই সেনা সদস্যের বাবাকে। ৬ মার্চ সেখানে তার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। ওই অবস্থায় পরিবারকে সাহায্য করার পাশাপাশি গত ২ মার্চ কাজে যোগ দেন ওই সেনা সদস্য। বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর দিনই তাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়। সোমবার মেডিকেল পরীক্ষায় তার শরীরেও করোনাভাইরাস মেলে। তাকে লেহ-র এসএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার স্ত্রী, দুই সন্তান ও এক বোনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, করোনার লক্ষণ দেখা দেওয়ায় পুণের সেনা প্রশিক্ষণ শিবিরেও এক সেনা কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার মেডিকেল পরীক্ষা হয়নি।

ভারতে এ পর্যন্ত ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.