প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

প্রিন্স চার্লস নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্ল্যারেন্স হাউজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে প্রিন্স চার্লসের স্বাস্থ্য ভালো আছে।

একজন মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের মধ্যে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তাঁর স্বাস্থ্য এখনো ভালো আছে। ৭২ বছর বয়সী ডাচেস অব কর্নওয়ালের করোনা নির্ণয়ের পরীক্ষাও করা হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। চার্লস ও ক্যামিলা দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন।

বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, রানির সঙ্গে সর্বশেষ গত ১২ মার্চ দেখা করেছিলেন প্রিন্স চার্লস। তবে রানি সুস্থ আছেন।ক্ল্যারেন্স হাউসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা ও চিকিৎসা পরামর্শ অনুযায়ী প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল স্কটল্যান্ডে সেলফ আইসোলেশনে আছেন। তাঁদের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার পরই করোনার উপস্থিতি নির্ণয়ের পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত। তবে কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা বোঝা সম্ভব হয়নি। প্রিন্স চার্লসের মাধ্যমে এটি আরও কারও মধ্যে ছড়িয়েছে কিনা, সেটিও নির্ণয় করা যাচ্ছে না।

গত ১২ মার্চ সর্বশেষ জনসমক্ষে এসেছিলেন প্রিন্স চার্লস। গত কিছুদিন ধরেই বাড়িতে থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাসস্থানে যেসব কর্মী কর্মরত ছিলেন, তাঁদেরকেও আইসোলেশনে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী সেদেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৪২২ জনের মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.