বন্ধ হলো বাংলাদেশ বিমানের সব রুট

লন্ডন-ম্যানচেস্টারও স্থগিত

 যোবায়ের অভি : অবশেষে যুক্তরাজ্যের লন্ডন-ম্যানচেষ্টার ফ্লাইটও স্থগিত করলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করায় একের পর এক আন্তর্জাতিক গন্তব্যে উড়ান বন্ধ হয়ে যায়। দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে ১৫টিই বন্ধ হয়ে গেলেও টিকে ছিল শুধু লন্ড ও ম্যানচেষ্টার ফ্লাইট।

অবশেষে সেই দুটি ফ্লাইটও এক সপ্তাহের জন্য স্থগিতের মধ্যে দিয়ে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটির সব রুট আপাতত বন্ধ হয়ে গেল। আগামী ৩০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এ কথা জানান।

 

তিনি বলেন, ‘বিদ্যমান (করোনাভাইরাসের কারণে সৃষ্ট) পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট আপাতত সাতদিনের জন্য স্থগিত করা হলো। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দু’টি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’

তিনি জানান, লন্ডন ম্যানচেস্টার রুটে বিমানের সপ্তাহে ১৪টি ফ্লাইট চলতো বলে জানান তিনি।

যাত্রী সংকট ও বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক সবরুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে।

বিমান বহরে সর্বশেষ সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে চালানো হচ্ছিল ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট। ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। ম্যানচেষ্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে ম্যানচেস্টার রুটে প্রায় ৮ বছর পর বিমানের ফ্লাইট চালু করা। এবার করোনাভাইরাসের কারণে আবার সাময়িকভাবে স্থগিত হলো বিমান চলাচল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.