২৬৯ যাত্রী ৯ পোষা কুকুর নিয়ে ঢাকা ছেড়েছে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট
কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট
২৬৯ যাত্রী ৯ পোষা কুকুর নিয়ে ঢাকা ছেড়েছে যুক্তরাষ্ট্রগামী বিশেষ ফ্লাইট। ঘোষনা দেয়ার পর থেকে প্রতি মুহুর্তে যুক্তরাস্ট্রগামী বিশেষ ফ্লাইটের যাত্রী বেড়েছে। রোববার সকালে যখন এই বিশেষ ফ্লাইটের ঘোষনা দেয়া হয় তখন বলা হয়েছিল যাত্রী সংখ্যা ১০০ বেশি হবে না। এরপর থেকে যাত্রী সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে।
সকালে কাতার এয়ারওয়েজ কতৃপক্ষ যখন জানিয়েছে তাদের ফ্লাইটে ৪শর বেশি আসন রয়েছে তখনি একলাফে যাত্রী সংখ্যা বেড়ে হয়ে যায় ২৫৬ জন। যাত্রী সংখ্যা বাড়তে থাকার কাতার এয়ারওয়েজ ফ্লাইটের সিডিউল সকাল থেকে পরবর্তন করে সন্ধ্যা ৬টা নির্ধারণ করে। এরপর সকাল থেকে যাত্রী সংখ্যা আরো বেড়ে শেষ পর্যন্ত হয়েছে ২৬৯ জন।
এই অবস্থায় সন্ধ্যা ৬টায় ২৬৯ জন আমেরিকান নাগরিককে নিয়ে যুক্তরাস্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছড়েছে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিক ও ৯ টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটটিতে মোট ২৬৯ জন আমেরিকান নাগরিক নিজ দেশে ফেরত যাবেন।
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।
তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।
যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত।
অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফিরে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁদের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে যেভাবে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় সেটিও আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে। আমেরিকানরা যেহেতু বিশেষ ফ্লাইটে ফিরছে সেহেতু দূতাবাসের প্রশাসনিক কিছু কাজের জন্য তাঁদের আগেভাগে আসতে বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সবার আগে সহযোগিতা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
