সারাবিশ্বে কয়েক মিলিয়ন মানুষ সেল্ফ-আইসোলেশনে রয়েছে। বহু দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে করে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক ক্ষেত্রে নির্যাতিতরা নির্যাতনকারীর আরো নাগালে চলে যাচ্ছেন।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে এক নারীর বরাত দিয়ে বলা হয়, লকডাউনের ফলে পরিবারের লোকজনের নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। এমনকি তাকে হত্যাচেষ্টাও চালানো হয়েছে। পুলিশকে ফোন করেও কেবল লকডাউনের কারণে ওই নারী সাহায্য পাননি বলে জানান।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করার জেরে অসংখ্য নারী তাদের নিজ বাড়িতে নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে তাদের নিরাপদে থাকার কথা ছিল।
তিনি আরো জানান, কয়েকটি দেশে নারীদের সহায়তা চাওয়ার হার দ্বিগুণ হয়ে গেছে। অথচ তাদের সহায়তা করার মানুষের অভাব দেখা দিয়েছে। নির্যাতিতদের আশ্রয় দেওয়া স্থানগুলোও বন্ধ হয়ে আছে।
সে কারণে তিনি সকল দেশের সরকারের কাছে আহ্বান জানিয়েছেন- করোনাভাইরাস মোকাবেলা পরিকল্পনায় নারী সহিংসতা প্রতিরোধের বিষয়টিও অন্তর্ভূক্ত করার ব্যাপারে।