চীন থেকে পাঠানো চিকিৎসা সরঞ্জাম ত্রুটিপূর্ণ। ইউরোপের দেশগুলো থেকে এ ধরনের অভিযোগ উঠায় এ ঘটনার জেরে চীনের কাস্টমসের কর্মকর্তারা নতুন চালানগুলো পর্যবেক্ষণ করে পাঠানোর কথা বলেন। তবে অনেকের ধারনা এতে সময়ক্ষেপণ করা হচ্ছে।
তবে চীন জানিয়েছে, এন-৯৫ মাস্ক থেকে শুরু করে ভেন্টিলেটর (লাইফ সাপোর্ট) এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করে গুণগত মান দেখে কাস্টমস থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে। এতে করে করোনাভাইরাস মোকাবেলায় হিমশিম খেতে থাকা দেশগুলোতে চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে দেরি হচ্ছে।
চীনের কাস্টমস বিভাগ গত শুক্রবারই জানিয়েছে, বিদেশে রপ্তানি করা চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করে গুণগত মান যাচাই করে ছাড়পত্র দেয়া হবে। এজন্য কয়েক ঘণ্টা, কয়েক দিন এবং তারও বেশি সময় বিলম্ব হতে পারে।
ইউরোপের দেশগুলো থেকে গুরুতর অভিযোগ আসার জেরে এ সিদ্ধান্ত নেয় চীন।
ইউরোপের দেশগুলোর অভিযোগ- চীনের তৈরি চিকিৎসা সরঞ্জামের মান অত্যন্ত নিম্ন। করোনা মোকাবেলায় হাসপাতালে ব্যবহারের জন্য এসব সামগ্রী নেয়া হলেও চীন সেই মানের পণ্য সরবরাহ করেনি।
তবে এবারে চীনের বিলম্বের জেরে নতুন অভিযোগ করছে দেশগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন ও রাশিয়া পিপিই সঙ্কটের কথা বলেছে। চীনের বিলম্বের কারণে হাসপাতালে পিপিই সঙ্কট দেখা দিচ্ছে বলেও অভিযোগ ওইসব দেশগুলোর।