ইন্দোনেশিয়ার কেপুহ্ গ্রামে এক ভৌতিক ঘটনা ঘটে চলেছে লকডাউনের মধ্যেই। রাস্তায় বের হলে হুট করে সামনে ঝাঁপিয়ে পড়ছে একটি অবয়ব। সাদা কাপড়ে ঢাকা শরীর ও মুখ। তারপর পূর্ণিমা চাঁদের নীচে যেন মিলিয়ে যাচ্ছে। বলা হচ্ছে এই সেই ‘পোকং’। ইন্দোনেশিয়ার উপকথায় এই ‘পোকং’ হল অতৃপ্ত আত্মা। পরনে থাকে সাদা পোশাক। চোখে কাজল। মুখও তার ধবধবে সাদা।
এটা কিন্তু মোটেও ভূতের গল্প নয়। অলৌকিক নয়, সম্পূর্ণ লৌকিক একটা ঘটনা। তবে আসল ঘটনা জানা গেছে। লকডাউন কার্যকর করতে এরকম একটা অভিনব উপায় বের করেছে ইন্দোনেশিয়ার কেপুহ্ গ্রামের প্রধান। জাভা দ্বীপের এই গ্রামে পুরনো কিছু কুসংস্কারকে কাজে লাগানো হচ্ছে। যাতে লকডাউনের মধ্যে মানুষ ঘর থেকে বেরতে ভয় পায়। গ্রামের যুব সংগঠনের প্রধান অঞ্জর পানকানিংতিয়াস পুলিশের সঙ্গে মিলে ‘পোকং’ নামের এই ভূতকে রাস্তায় বের করেছেন। প্রথমদিকে হিতে বিপরীত হয়ে গিয়েছিল। ‘পোকং’ রাস্তায় বেরলে তাদের দেখতেই রাস্তায় জমা হচ্ছিল লোক। তারপর পরিকল্পনা বদলে ফেলা হয়। আচমকা হানা দিয়ে আচমকাই মিলিয়ে যাচ্ছে ‘পোকং’সেজে থাকা গ্রামের স্বেচ্ছাসেবকরা।
ঘটনার সত্যতা বিচার করতে রয়টার্স সম্প্রতি ওই গ্রামে গিয়েছিল। সত্যিই সন্ধ্যের পর বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না। নারী ও শিশুরা গৃহবন্দি করে নিয়েছেন নিজেদের। পুরুষরা কাজে বেরলেও বাড়ি ফিরে আসছেন তাড়াতাড়ি। সন্ধ্যার পর সুনশান কেপুহ্ গ্রাম। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী জোকো উইডোডো করোনা মোকাবেলায় লকডাউন জারি করেননি। যদিও সে দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪২৪১টি করোনা কেসের মধ্যে মৃতের সংখ্যাই ৩৭৩। তাই কেপুহ্ গ্রাম নিজেদের মতো করে লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে।