সৌদি আরবে অপরাধীকে আর ‘বেত্রাঘাত’ করা হবে না!

অপরাধীর সাজা হিসেবে ‘বেত্রাঘাত’ করার ঐতিহ্যবাহী ইসলামি বিধান বিলোপ করছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় এই বিধান বাতিল হচ্ছে বলে মার্কিন গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই সাজা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বেত্রাঘাতের বদলে কারাদণ্ড বা জরিমানার মত শাস্তি দেয়া হবে।

একূশ শতকে এসেও অপরাধীকে বেত্রাঘাতের মতো সাজা চালু রাখায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌদি আরবকে। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি কুখ্যাত হিসেবে পরিচিত ছিল। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই মধ্যযুগীয় সাজার তীব্র নিন্দা করে আসছিল।

২০১৭ সালে সৌদি আরবের যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমান নিয়োগ পাওয়ার পর থেকে তিনি দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মাঠে পুরুষের সঙ্গে বসে খেলা দেখা, সিনেমা দেখার ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, চাকরিতে যোগদান, এমনকি অস্ত্রোপচার করার জন্যও আগে নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হতো। সেই বিধিও রদ করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে বাল্যবিবাহ ঠেকানোরও। তা সত্ত্বেও সেখানকার মানবাধিকার পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি।

এমন প্রেক্ষাপটে সৌদি আরবের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া সংস্কার উদ্যোগকে সম্প্রসারিত করতেই ‘বেত্রাঘাত’ বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, বেত্রাঘাতের সাজার বদলে জরিমানা ও কারাদণ্ডের বিধান জারি করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.