বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১০৯ জন জাপানি নাগরিক

দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা ছাড়বে ৩০ এপ্রিল

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও জাপানে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই ফ্লাইট দুটি পরিচালনা করা হচ্ছে বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে।

জানা গেছে, বাংলাদেশ থেকে ১০৯ জন জাপানি নাগরিককে নিয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নরিতার উদ্দেশে ছেড়ে গেছে ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘সোনারতরী’। এটি আজ রাত সাড়ে ১১টায় ফেরার কথা রয়েছে।

এদিকে, আগামী ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে জাপানের টোকিওতে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে একটি ২৯৮ আসনের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ছেড়ে যাবে। এই ফ্লাইটে জাপানে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হবে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, এই বিশেষ ফ্লাইট দুটির জন্য বিমান ভাড়া করেছে জাপান দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই বিশেষ ফ্লাইটে ইকনমি ক্লাসের জন্য এক লাখ ১০ হাজার এবং বিজনেস ক্লাসের জন্য এক লাখ ৪০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিমানের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ঢাকা-নারিতা রুটে বিমানের দুটি চার্টার্ড ফ্লাইট ভাড়া করা হয়েছে। ২৮ এবং ৩০ এপ্রিলের জন্য ভাড়া করা হয়েছে। মঙ্গলবারের ফ্লাইটে যাওয়া এবং আসা দুবারই যাত্রী আছে যা জাপান দূতাবাস সমন্বয় করেছে। অন্যদিকে ৩০ এপ্রিলের ফ্লাইটটি ভাড়া করেছে জাপান চেম্বার অব কমার্স। এটি শুধু জাপান থেকে যাত্রী আনা হবে। এই দুটি গন্তব্যে বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।’

এদিকে করোনাভাইরাসের কারণে যাত্রিবাহী বিমান চলাচল বন্ধ থাকায় ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাইতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইনস লিমিটেড আগামী ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা এবং ৩ মে মুম্বাই-ঢাকা চাটার্ড ফ্লাইট পরিচালনা করবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

সূত্র জানায়, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে দিল্লি ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া কলকাতায় ৭৪ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে বাংলাদেশিদের নিয়ে আসা হবে।

এর আগে গত শুক্রবার দিল্লি থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল বিমান। এসময় করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন।

সূত্র জানিয়েছে, উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরো ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে। যারা এখনো ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.