নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে গ্যাটউইক এয়ারপোর্ট। এয়ারপোর্টে যাত্রী আগমন ৮০ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাজ্যের এ বিমানবন্দর। খবর বিবিসি।
আগস্ট নাগাদ বিমানবন্দরটি মাত্র ২০ শতাংশ সক্ষমতা নিয়ে কাজ করছে। শুধু নর্থ টার্মিনালটি চালু রয়েছে। গ্যাটউইক এয়ারপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টুয়ার্ট উইঙ্গেট বলছেন, নভেল করোনাভাইরাস মহামারীর বিপর্যয়কর প্রভাবের ফলে এ ছাঁটাই করতে হয়েছে। গত মার্চে বিমানবন্দরটি ২০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল এবং পরবর্তী সময়ে ৩০ কোটি পাউন্ড ব্যাংকঋণ নিয়েছে। যাত্রী আগমন কমাতে ব্যয়সাশ্রয়ে আরো পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বিমানবন্দরটি।
গ্যাটউইকের প্রায় ৭৫ শতাংশ কর্মী সরকারের সাময়িক ছাঁটাই প্রকল্প থেকে অর্থ গ্রহণ করছে, যা আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে যাচ্ছে। পুনর্গঠনমূলক কর্মসূচির আওতায় যেসব কর্মী ছাঁটাই হবে, তাদেরকে আগে অবগত করা হবে বলে জানায় গ্যাটউইক।
অ্যা ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের এক মুখপাত্র বলেন, গ্যাটউইকের কর্মী ও তাদের পরিবারের জন্য এটা কেমন দুঃসংবাদ হিসেবে আবির্ভূত হয়েছে, আমরা এটা অনুধাবন করতে পারছি। এই কঠিন সময়ে তাদের সহায়তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারো যদি জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে তারা ইউনিভার্সাল ক্রেডিট ও নতুন ধরনের চাকরি প্রার্থীদের ভাতার জন্য আবেদন করতে পারে।
তিনি আরো বলেন, অর্থনীতি ও কর্মীদের ওপর নভেল করোনাভাইরাস কেমন প্রভাব রাখছে, সরকার বিষয়টি অনুধাবন করতে পেরেছে। এজন্য তাদের আর্থিক সহায়তায় বিস্তৃত প্যাকেজ গ্রহণ করেছি।