প্যাটারসন সিটির কমিশনার হলেন বাংলাদেশি মোসলেহ উদ্দীন

বিশ্বজিৎ দে বাবলু, যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির টাস্ক ফোর্সের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোসলেহ উদ্দীন। গত ২ অক্টোবর শপথগ্রহণ করে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।

স্বাস্থ্যবিধি মেনে প্যাটারসন সিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোসলেহ উদ্দীনকে শপথবাক্য পাঠ করান সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী।

এ সময় সেখানে তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি মেয়র আন্দ্রে সাঈয়া, কাউন্সিল ওম্যান মার্টিজা ডেভিলা, রুবি কটোন, ডেপুটি মেয়র ফেরদৌস আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিটি কমিশনার ইমরান হোসেন, হাফেজ আলাউদ্দিনসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

মোসলেহ উদ্দীন সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ সিটির টাস্ক ফোর্সের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

মোসলেহ উদ্দীন প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ তাজ উদ্দীনের একমাত্র পুত্র সন্তান। তার পৈত্রিক নিবাস গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে।

এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা। ক্ষমতার পালাবদল হবে- না কি ফের ট্রাম্পেই ভরসা রাখবেন মার্কিনীরা? এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ইতোমধ্যেই দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যকার প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে আগ্রহ ও উদ্বেগের শেষ নেই নিউইয়র্কের বাঙালি জনসমাজেও।

কোনো প্রার্থী বিজয়ী হলে অভিবাসীদের জন্য মঙ্গল হবে- এ নিয়ে চলছে বাকবিতণ্ডা। তর্ক-বিতর্ক চলছে সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত। এই প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচন নিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের শঙ্কা, উদ্বেগ এবং আশা-ভরসার কথা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.