মালালা ইউসুফজাই এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

নোবেল জয়ী মালালা ইউসুফজাই এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট। পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মালালা ইউসুফজাই দর্শন, রাজনীতি ও অর্থনীতির উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন।

এই তরুণী নিজেই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নাতক হওয়ার খবর দিয়েছেন।

২০১২ সালের ৯ অক্টোবর ১৩ বছর বয়সে স্কুলে যাওয়ার পথে জঙ্গি হামলার শিকার হন মালালা ইউসুফজাই। তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে।

এই ঘটনায় বিশ্ববাসীর নজরে আসেন এই তরুণী। ভয়াবহ ওই তালেবান জঙ্গি হামলায় মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার জয় করেন। পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম।

জঙ্গি হামলা দমাতে পারেনি আত্মপ্রত্যয়ী মালালাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।গত ৮ জুন জানা যায় মালালা দীর্ঘ পথ পরিক্রমায় স্নাতক হওয়ার কাছাকাছি চলে এসেছেন। ইউটিউবের বিশেষ একটি অনুষ্ঠানে তিনি জানান, আর চারটি পরীক্ষা বাকি আছে।

স্নাতক হওয়ার উপলক্ষ উদযাপন করতে মালালা ঘরোয়াভাবে কেক কেটেছেন। সেই ছবি পোস্ট করে লিখেছেন, দর্শন, রাজনীতি এবং অর্থনীতির উপর ডিগ্রি শেষ করলাম। এই আনন্দ প্রকাশ করা কঠিন। সামনে কী আছে জানি না। এই মুহূর্তে নেটফ্লিক্স, পড়া এবং ঘুম নিয়েই আছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.