শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে এমিরেটস এয়ারলাইন্স

শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে এমিরেটস এয়ারলাইন্স। রাত ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের এয়ারক্রাফট। ফ্লাইটটি রাত ১টা ৩০ মিনিটে আবার যাত্রী নিয়ে দুবাই এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বুধবার (২৪ জুন) এমিরেটস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। এক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের জন্য থাকছে বোয়িং ৭৭৭-৩০০ ইআর। এমিরেটসের অফিসিয়াল ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কেনা যাবে।

বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা দুবাই হয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। তবে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে প্রবেশের জন্য ইমিগ্রেশনসহ নির্ধারিত অন্যান্য শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক। কারণ বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য এমিরেটস যাত্রীদের সৌজন্য মূলকভাবে হাইজিন কিট দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টিব্যাক্টেরিয়াল ওয়াইপস।

বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, ‘বাংলাদেশে আমাদের গ্রাহকদের শিডিউল ফ্লাইটের মাধ্যমে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’

শনি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকদের সহায়তায় এমিরেটসের কল সেন্টার (০১৬১৪৫৫২৩১০-১৪, ০১৩১৩৪৫০২৫১-৫৩) খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে টিকিটের ভ্রমণ তারিখ পরিবর্তন ও রি-ইস্যু নিয়ে কোনও তথ্য জানানো হয়নি।

এমিরেটস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ভ্রমণ তারিখ পরিবর্তন ও রি-ইস্যুর ক্ষেত্রে বাড়তি ফি দিতে হবে না। এর অংশ হিসেবে ৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত সব টিকিটের ক্ষেত্রে ক্যানসেলেশন ও রিফান্ড ফি প্রত্যাহার করেছে সংস্থাটি।

আগামী ৭ জুলাই থেকে ব্যবসা ও ভ্রমণের জন্য দুবাই উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য আকাশপথে চলাচলের নতুন প্রটোকল অনুসরণ করা হবে। ইউএই নাগরিক ও বাসিন্দা আর বিদেশি পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

ঢাকার যাত্রীরা ৭ জুলাইয়ের আগ পর্যন্ত শুধু দুবাইয়ে ট্রানজিট নিয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। তবে ইউএই নাগরিকরা দুবাই আসা-যাওয়া করতে পারবেন। দুবাই ভ্রমণের জন্য বিদেশি নাগরিকদের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিমা পলিসি থাকা বাধ্যতামূলক।

জার্মানির মিউনিখে আগামী ১৫ জুলাই থেকে চলাচল শুরু করবে এমিরেটস। অত্যাধুনিক এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের মাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ও প্যারিসে ফ্লাইট পরিচালনা করবে এই বিমান সংস্থা। করোনা মহামারির কারণে মার্চ থেকে এমিরেটস বহরের এই উড়োজাহাজ মাটিতে পড়ে আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.