একবারের জন্যও মনে হয়নি ওটা আমি!

aeb7fbcc6123cbfa5722173e04a2ad62-Kabir-Hossain_38গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ছবি আইসক্রিম। এতে অভিনয় করেছেন নবাগত নাজিফা তুষি। ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন নাজিফা। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ‘প্রিয়তি’। আইসক্রিম নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

নাজিফা তুষিপ্রথম ছবি মুক্তির পর কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
খুব ভালো। এখন পর্যন্ত আমার কাছে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া আসেনি। আমরা ঢাকার হলগুলো ঘুরেছি, সেখানে সবার প্রতিক্রিয়া দেখে অনেক ভালো লেগেছে। এটি আমাদের তিনজনেরই (তুষি, উদয় ও রাজ) প্রথম ছবি, তাই একে নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি ছিল না। দর্শক আমাদের কীভাবে নেবেন—এ নিয়ে কিছুটা ভয়ে ছিলাম। তবে ছবি মুক্তির পর এটুকু বলতে পারি, প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি।
ঢাকার বাইরে ‘আইসক্রিম’ কেমন চলছে?
ঢাকায় তো বিপুলসংখ্যক দর্শক আইসক্রিম দেখছেন। আমাকে ঢাকার বাইরে থেকে ফোনে জানানো হয়েছে, সেখানেও নাকি হলগুলোতে ভালোই দর্শক হচ্ছে। আর কয়েক দিন বাদেই আমাদের ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলো ঘুরে দেখার কথা আছে।
প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি কেমন?
ছবি মুক্তির এক দিন আগে স্টার সিনেপ্লেক্সে আইসক্রিম-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। সেদিনই প্রথম বড় পর্দায় নিজেকে দেখি। সত্যি বলছি, আমার একবারের জন্যও মনে হয়নি ওটা আমি! মনে হচ্ছিল, আমি ‘প্রিয়তি’কে দেখছি। জীবনের প্রথম চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
এখন কি চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছেন?
আইসক্রিম-এ কাজ করার সময় থেকেই অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। এখনো পাচ্ছি। তবে প্রথম ছবিতে এত ভালো দর্শকপ্রিয়তা পাওয়ার পর আমি পরবর্তী সময়ে সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিতে চাই। সব ধরনের ছবিতেই আমার আগ্রহ আছে। আমি বিশ্বাস করি, একজন ভালো নির্মাতা অবশ্যই ভালো ছবিই তৈরি করবেন; সেটা বাণিজ্যিক হোক বা অন্য কোনো ঘরানার। আমি যেকোনো ভালো মানের ছবিতে কাজ করার ব্যাপারে আগ্রহী।
দুই নবাগত সহ-অভিনেতার সঙ্গে আপনার কেমন বন্ধুত্ব হয়েছে?
শুটিং শুরুর আগে ছবির পরিচালক রেদওয়ান রনি ভাইয়া আমাদের নিয়ে তিন মাসের গ্রুমিং সেশন করিয়েছিলেন। তখন থেকেই উদয়, রাজ আর আমার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সবাই বলছেন, পর্দায় আমাদের তিনজনের রসায়ন দারুণ লেগেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.