অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস টাউন এলাকা হতে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় পুলিশ।
জামিল আহমেদ চৌধুরী নামের এই তরুণের বিরুদ্ধে ‘সম্ভাব্য ধর্ষণ’–এর অভিযোগ আনা হয়েছে। সিডনির ব্যাংকস টাউনের ভিলাউড এলাকার বাসিন্দা ১৪ বছর বয়সী এক কিশোরীকে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন নিপীড়ন করার দায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
জামিলের বিরুদ্ধে আনা অভিযোগে কিশোরীর পরিবারের দাবি, জামিল আহমেদ চৌধুরী গত ডিসেম্বর মাস থেকে কিশোরীর সঙ্গে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অতিমাত্রায় বার্তা আদান-প্রদান করেন যার বেশির ভাগই ছিল যৌনতামূলক।
কিশোরীর পরিবার জামিলকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান। তার পরও জামিল নতুন অ্যাকাউন্ট খুলে কিশোরীর সঙ্গে যোগাযোগ করেন। কিশোরীর পরিবার জামিলকে আটক করার পরিকল্পনা করে বাসায় আসার প্রলোভন দেখান। সোমবার রাতে জামিল কিশোরীর বাড়িতে উপস্থিত হলে তাঁকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
গতকাল মঙ্গলবার এ সংবাদটি অস্ট্রেলিয়ার জাতীয় প্রায় সব গণমাধ্যমেই প্রচার করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। জামিলের বিরুদ্ধে একই ধরনের কোনো অভিযোগ অতীতেও আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ৯ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
জামিল আহমেদ চৌধুরী অস্ট্রেলিয়ায় তথ্যপ্রযুক্তি বিষয়ে অধ্যয়ন করছিলেন এবং পাশাপাশি সিডনির একটি সুপার মার্কেটে খণ্ডকালীন চাকরি করতেন।