মার্কিন সাংবাদিক হত্যায় দণ্ড প্রাপ্তদের মুক্তি দিল পাকিস্তান

পাকিস্তানের সুপ্রিম কোর্ট মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে দণ্ড প্রাপ্ত চার ব্যক্তিকে মুক্তির আদেশে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ রায় দেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া ব্যুরো চিফ ড্যানিয়েল পার্লকে ২০০২ সালে পাকিস্তানের করাচি থেকে অপহরণ ও পরে হত্যা করা হয়। অপহরণকারীরা পার্লের মাথা কেটে নিয়ে এর ভিডিও চিত্র যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। ওই ঘটনায় চারজনকে ২০০২ সালেই গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অন্যতম ব্রিটিশ নাগরিক আহমেদ ওমর সাইদ শেখকে পরে পাকিস্তানের একটি নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয়। বাকি তিনজনকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। গত বছরের এপ্রিলে সিন্ধু প্রদেশের হাইকোর্ট ৪ আসামির মধ্যে ৩ জনেরই শাস্তি মওকুফ করে দেয়।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ দণ্ডিত চার আসামিকেই খালাস দেয়। দুই-এক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল সালমান তালিবুদ্দিন।

সাংবাদিক ড্যানিয়েল পার্লের পরিবারের সদস্যরা দণ্ডিতরা খালাস পাওয়ায় এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘আজকের সিদ্ধান্ত বিচারের নামে সম্পূর্ণ প্রহসন। আর এসব হত্যাকারীর মুক্তি সারা বিশ্বের এবং পাকিস্তানের জনগণের জন্য বিপদের কারণ হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.