গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে মাস্তানি ছবিটি। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। কিন্তু ছবির কোনো কোনো পোস্টারে মৌসুমীকে ঠিক চেনা যায় না। এর কারণ জানতেই কথা হলো এই অভিনেত্রীর সঙ্গে।
কী করছেন এখন?
এখন পারলারে আছি। কোরবানির ঈদের নাটক নিয়ে ইদানীং ব্যস্ত। শুটিংয়ের কারণে নিজের যত্ন নেওয়ার তেমন একটা সময় পাই না। তাই আজ (শুক্রবার) নিজের জন্য সময় বের করেছি। কোনো শুটিং রাখিনি।
‘মাস্তানি’ নামে আপনার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এ নিয়ে আপনার কোনো উচ্ছ্বাস দেখছি না। আপনি কি এ ব্যাপারে অবগত নন?
এই ছবি নিয়ে আমার কোনো উচ্ছ্বাস নেই। ছবিটি নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমি খুবই বিরক্ত। আমার ডাবিং অন্যজনকে দিয়ে করানো হয়েছে। আমি কিছু জানিই না। পরিচালক ফিরোজ খান বলছেন, আমি নাকি বিদেশে ছিলাম, এ জন্য অন্যকে দিয়ে করানো হয়েছে। আমি তো মাত্র ছয় দিন দেশের বাইরে ছিলাম। পরিচালকের কথাবার্তা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।
সিনেমার পোস্টারের ছবির সঙ্গে আপনার চেহারা মিললেও পোস্টারে আপনাকে কেমন যেন দেখাচ্ছে! আপনি কি ছবির সেই পোস্টারটি দেখেছেন?
হ্যাঁ, দেখেছি তো। এটা আরেক কেলেঙ্কারি। আমার কাছে মনে হয়েছে প্রযোজক-পরিচালক মিলেই ঘটনাটি ঘটিয়েছেন। আমি বিষয়টি নিয়ে তাঁদের প্রশ্ন করেছিলাম। তাঁরা বলেন, আমার স্টিল ছবি (আলোকচিত্র) খুঁজে পাওয়া যায়নি। আবার বলেন, পরিবেশকেরা এটি করেছেন। অথচ শুটিংয়ের সময় কিন্তু অনেক ছবি তোলা হয়েছিল।
তাহলে এই ছবির পরিচালক কিংবা প্রযোজকের বিরুদ্ধে এসব কাণ্ডের জন্য কি কোনো পদক্ষেপ নেবেন আপনি?
এটা আসলে এমন একটা ঘটনা, যা নিয়ে আমার কিছুই বলার নেই। আমি আমার অভিনয়জীবনের এই অধ্যায়টা ভুলে যেতে চাই। এই ছবির কথা মনেও রাখতে চাই না। কারও বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে চাই না।
