সালমান খানের ‘টিউবলাইট’ ছবি নিয়ে যেন আলোচনার শেষ নেই। কদিন আগেই আলোচনায় আসে এই ছবি কারণ প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন চীনের এক অভিনেত্রী। কিন্তু সব কিছুর পরও নতুন করে আবারো আলোচনায় এই ছবি। তবে এবারে যে বলা হচ্ছে টিউবলাইটের গল্প নাকি এক হলিউড ছবির নকল। ২০১৫ সালের হলিউড ছবি ‘লিটল বয়’ থেকে নাকি কপি করা হয়েছে টিউবলাইটের স্ক্রিপ্ট।
লিটল বসের গল্প ছিল বাবা ও ছেলের। পটভূমিকা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পিপার নামে একটি ছেলেকে নিয়ে ছিল লিটল বয়ের গল্প। পিপারকে দেখতে ছিল ছোটোখাটো। এর জন্য অনেকেই তার পিছনে লাগত। গল্পের শুরু হয় তখন যখন তার বাবা যুদ্ধে যায় এবং হারিয়ে যায়। অনুমান করা হয় জাপান তাকে বন্দি করেছে। পিপার তার বাবাকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে।
টিউবলাইটেও নাকি সেই একই গল্প। শুধু বাবা-ছেলের বদলে এখানে দুই ভাইকে নিয়ে গল্প সাজানো হয়েছে। সালমান ও সোহেল। পটভূমিকা এখানে ভারত-চীন যুদ্ধ। লিটল বয়ে পিপারের যে চরিত্রটি ছিল, এখানে সালমানের চরিত্রটিও সেই রকম। সোহেল সালমানের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। ভারত-চীন যুদ্ধে তিনি হারিয়ে যাবেন আর সালমান তাকে খুঁজবেন।
তবে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেন নি ছবির পরিচালক কবীর খান। সালমান আর কবীর জুটির এটি তৃতীয় ছবি।