আকাশসীমা থেকে একের পর এক উড়ন্ত বস্তু ভূপাতিত করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ স্থানীয় সময় রোববার কানাডা সীমান্তবর্তী লেক হুরন এলাকা থেকে এমন একটি বস্তুকে নামিয়ে আনে আমেরিকার যুদ্ধবিমান। এ নিয়ে এক সপ্তাহে চারটি উড়ন্ত বস্তু ভূপাতিত করল দেশটি। খবর রয়টার্স।
জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানায়, ব্যাপক সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বস্তুটিকে ভূপাতিত করার নির্দেশ দেন।
ওই কর্মকর্তা আরো জানান, অষ্টকোণাকার বস্তুটি ভূমিতে কোনো ধরনের সামরিক হুমকি তৈরি করবে বলে মনে হয়নি। তবে মিশিগানের আকাশে ২০ হাজার ফুট ওপরে থাকা বস্তুটি বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করে থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘বস্তুটির নজরদারি সক্ষমতার কোনো প্রমাণ আমরা পাইনি। কিন্তু সক্ষমতা নেই এমনটাও আমরা বলতে পারি না।’
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনিতা আনান্দ জানান, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। বেলুনটির ফলে বেসামরিক বিমান চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারতো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। একপর্যায়ে উত্তর-পশ্চিম কানাডার ইউকন রাজ্য থেকে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।