দুই দিন আগে ব্যাগট্যাগ গুছিয়ে ভারতের মহারাষ্ট্রের কামশেতে নিজের বাসা থেকে বেরিয়ে গেছেন। কাউকে কিছুই বলেননি। এমনকি পরিবার বা তাঁর ম্যানেজারকেও না। এরপর থেকেই খোঁজ মিলছিল না রিচা চাড্ডার। কোনো যোগাযোগ নেই। ফোনও বন্ধ। রিচা কি তবে হারিয়ে গেলেন?
কোথায় আছেন? কেমন আছেন?
না, ভয়ের কিছু নেই। রিচা ভালোই আছেন। এই মুহূর্তে রিচা প্রস্তুতি নিচ্ছেন নিজের নতুন অনলাইন সিরিজের। ক্রিকেট আর রাজনীতির গল্প নিয়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি নতুন একটি ধারাবাহিক বানাচ্ছেন। দ্য শো: পাওয়ার প্লে নামের এই অনলাইন ধারাবাহিকে এক সফল অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে রিচাকে। নিজের চরিত্রে ভালোভাবে মনোনিবেশ করতেই নাকি এই গোপনবাস।
প্রযোজনা সংস্থার নির্দেশেই এমনটা করেছেন রিচা। যদিও এতে তাঁর বাবা-মা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অবশেষে রিচা সেই গোপনবাস থেকে যোগাযোগ করেছেন। বলেছেন, ‘খুবই কঠিন এক চরিত্রে কাজ করছি। এ জন্যই বিচ্ছিন্ন হওয়াটা দরকার ছিল। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে প্রতি ৩০ মিনিটে আমরা ফোনে চোখ না রেখে পারি না। মনোযোগের জন্য তাই নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া দরকার ছিল।’