জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের কড়া সমালোচনা করে পাক সরকারকে ‘কাশ্মির নিজেদের করে পাওয়ার স্বপ্ন ত্যাগ’ করতে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই জাতিসংঘ অধিবেশনে সুষমা বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে ইসলামাবাদ যে ভূখণ্ড দখল করে নেওয়ার স্বপ্ন দেখছে, তা অবশ্যই পরিহার করতে হবে।
এসময় তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছিন্ন অংশ এবং সবসময় তা-ই থাকবে।
১৮ সেপ্টেম্বর খুব ভোরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তরে চার ‘বিচ্ছিন্নতাবাদীর’ হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। গত ১৫ বছরে কাশ্মিরে ভারতীয় সেনাদের উপর এটিই সবচেয়ে বড় আঘাত।
দুইদিন পর সন্ধ্যায় নওগ্রাম সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত ও অপর দুইজন আহত হয়।
উরিতে হামলা চালানো চার বিচ্ছিন্নতাবাদী পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ এর সদস্য বলে দাবি ভারতের।
এরাই ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
পরপর দুইটি হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার চালাচ্ছে ভারত।
যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ অভিযোগ অস্বীকার করে জাতিসংঘে দেওয়া বক্তৃতায় বলেন, তার সরকারের সঙ্গে ভারতের আলোচনায় বসার মত পরিস্থিতি এখন আর নেই। ভারত বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে।