মেহের আফরোজ শাওন আটক

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক।

এর আগে জামালপুর সদর উপজেলার নরুন্দীতে মেহের আফরোজ শাওনের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নরুন্দীর স্টেশন রোড এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে গেলে উৎসুক জনতা তাদের ফিরিয়ে দেন। প্রত্যক্ষদর্শী নরুন্দী স্টেশন এলাকার ঝামেলা বেগম জানান, সন্ধ্যার দিকে একদল জনতা হুট করে এসে অভিনেত্রী শাওনের (সাবেক মহিলা এমপি তহুরা আলীর) বাড়িতে আগুন দিয়ে উল্লাস করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, অভিনেত্রী শাওন সবসময় দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে যাচ্ছেন- বিধায় আমরা আজ তার বাড়িতে আগুন দিয়েছি।

নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. ওবায়দুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আগুন লাগিয়েছিল, পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, নরুন্দীর ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা কোনো সহিংসতায় বিশ্বাস করে না। তবে ফ্যাসিবাদীদের চক্রান্ত রুখতে সাধারণ জনতার যেকোনো আন্দোলনের সঙ্গে তারা পাশে থাকবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.